
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে এক শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ এবং এ ঘটনাকে কেন্দ্র করে বাজার কমিটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শ্রীনগর বাজার কমিটি।
স্থানীয় ও বাজার সূত্রে জানা যায়, প্রায় তিন সপ্তাহ আগে ভোরে শ্রীনগর বাজারের পাবলিক টয়লেটের পাশের একটি গুদামে ৬-৭ বছর বয়সী এক শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ ওঠে ফুটপাতের ডিম ব্যবসায়ী রামা
(৫৫)-এর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত রামা পলাতক রয়েছেন। অন্যদিকে, ভুক্তভোগী শিশু ও তার পরিবারেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের ধারণা, ভাসমান ওই পরিবারটি ঘটনার পর এলাকা ছেড়ে চলে গেছে অথবা অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে।
এ ঘটনায় একটি মহল বাজার কমিটির নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন কমিটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে শ্রীনগর বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বলেন, অভিযুক্ত রামা বণিক সমিতির কোনো সদস্য নন, সে ফুটপাতে ব্যবসা করতো। শিশুটির পরিবারের পক্ষ থেকেও আমাদের কিছু জানানো হয়নি।
এরপরও কমিটির কেউ যদি অভিযুক্তকে রক্ষার চেষ্টা করে এবং তা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবার আমাদের কাছে এলে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নজরে এসেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন