
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাটাভোগ ইউনিয়নের ২নং ওয়ার্ডে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।এরই ধারাবাহিকতায় এলাকার মুরব্বি ও যুবসমাজকে সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শামীম হোসেন।
গণসংযোগকালে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে মো. শামীম হোসেন বলেন, আমি সবসময়ই এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান,মাদ্রাসা, মসজিদ ও স্কুলসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নমূলক কাজে নিয়োজিত রয়েছি। আমাদের এলাকার কিছু রাস্তার বেহাল অবস্থা থাকায় আমি নিজ অর্থায়নে তা পাকা করেছি।
আপনারা যদি দোয়া ও ভালোবাসায় আমাকে মেম্বার হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি এলাকার ময়মুরুব্বীদের সাথে নিয়ে আলোচনা করে এলাকার বাকি রাস্তাঘাট ও অন্যান্য সমস্যাগুলোর স্থায়ী সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি কথা দিচ্ছি, এলাকার সম্মানিত মুরুব্বিদের সাথে নিয়ে এলাকার সকল ধরনের উন্নয়নমূলক কাজ নিজ অর্থায়নে পরিচালনা করব। আমি সব সময় এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি এবং যতটুকু সম্ভব গরিব-দুঃখীদের আর্থিক সহযোগিতা করে আসছি। এলাকার মানুষের প্রকৃত সেবা করতেই আমি প্রার্থী হয়েছি।এসময় স্থানীয় এলাকার গণ্যমান্য মুরুব্বি, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত থেকে তার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাকে সমর্থন জানানোর প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন