
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দা প্রাইমারি স্কুল মাঠে,শান্তি সংঘ ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট,এর একটি আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত এই খেলায় মান্দা দিদার স্পোর্টিং ক্লাব বনাম কোলাপাড়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জুয়েল মৃধা
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে জুয়েল মৃধা বলেন, মাদকের ভয়াল থাবায় আজ শিশু-কিশোরসহ আমাদের তরুণ সমাজ নেশার দিকে ঝুঁকে পড়ছে। এই অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে ভাগ্যকুল ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই নিয়মিত খেলাধুলা অব্যাহত রাখা হবে। খেলাধুলার প্রসারে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ প্রয়োজনীয় সমস্ত ক্রীড়া সামগ্রী আমি আমার নিজ অর্থে প্রদান করব।
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও এলাকার আইনশৃঙ্খলা নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমাদের এলাকার শিক্ষার মান বাড়াতে স্কুল-কলেজ নিয়মিত মনিটরিং করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে কোনো বখাটেপনা বরদাশত করা হবে না। সে যত বড় শিল্পপতি বা প্রভাবশালী ব্যক্তির ছেলেই হোক না কেন, বখাটেদের ছাড় দেওয়া হবে না। অন্য কেউ ভয় পেলেও আমি কাউকে পরোয়া করব না।
এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি আপনাদের মূল্যবান ভোটে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তবে আমাকে মাত্র দুই বছর সময় দেবেন। এই সময়ের মধ্যে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং রাস্তাঘাট সংস্কারের কাজ সম্পন্ন করব, ইনশাআল্লাহ।
এলাকার সন্তান হিসেবে সকলের দোয়া ও সমর্থন চেয়ে তিনি বলেন, আমি আপনাদেরই কারো ভাই, কারো চাচা বা কারো ছেলের মতো। আপনাদের সবার দোয়া ও ভালোবাসা নিয়ে এবং আপনাদের পাশে পেলে আমি এবার চেয়ারম্যান নির্বাচিত হব বলে দৃঢ় আশাবাদী।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং এলাকার বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
মন্তব্য করুন