মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে এক শিশুকে ধর্ষণের ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগ এনে স্থানীয় ফল ব্যবসায়ী জাহিদুল ইসলাম কালুর বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়ানো সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ধাইসার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল ইসলাম কালু।
সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে জাহিদুল ইসলাম কালু ঘটনার প্রকৃত প্রেক্ষাপট তুলে ধরে জানান,
গত ১৫ সেপ্টেম্বর শ্রীনগর বাজারে এক অসহায় ভিক্ষুকের ৬ বছর বয়সী নাতনীকে একই বাজারের ডিম ব্যবসায়ী রাম প্রসাদ দে ওরফে রামা দে (৫৫) কর্তৃক ধর্ষণের একটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা ঘটে।
ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বক্তব্যে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ওই ঘটনার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্রীনগর বাজার কমিটির সাঃ সম্পাদক শেখ মুজিবুর রহমানসহ বাজার কমিটির তানভীর,কামরুলদেরকে অবগত করা হয়েছিল এবং বাজার কমিটির নেতৃবৃন্দ বিষয়টি সম্পর্কে শুরু থেকেই ওয়াকিবহাল ছিলেন। তাদের উপস্থিতিতে ও পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।
কিন্তু পরবর্তীতে ওই স্পর্শকাতর ঘটনাকে পুঁজি করে একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তার (জাহিদুল ইসলাম কালু) দীর্ঘদিনের অর্জিত সামাজিক মানমর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে জাহিদুল ইসলাম কালু বলেন, “ধর্ষণের মতো এমন একটি জঘন্য ও অমানবিক ঘটনা আমি টাকার বিনিময়ে মীমাংসা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছি বলে যে সংবাদ বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুকে ছড়ানো হচ্ছে, তা ডাহা মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। ঘটনাটি ঘটার পর বাজার কমিটির সাঃ সম্পাদক শেখ মুজিবুর রহমানসহ বাজার কমিটির তানভীর,কামরুলসহ বাজারের অনেকেই বিষয়টি জানতেন।
অথচ এই ঘটনার সাথে আমার দূরতম কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও একটি মহল সাংবাদিকদের ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমাকে জড়িয়ে এমন মানহানিকর সংবাদ প্রকাশ করিয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তিনি নিজেও একজন সচেতন নাগরিক ও ব্যবসায়ী হিসেবে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রকৃত অপরাধী রাম প্রসাদ দে-এর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পাশাপাশি কোনো ধরনের তথ্য
যাচাই-বাছাই বা তার বক্তব্য না নিয়েই একতরফাভাবে অপপ্রচার চালানোয় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিবাদ সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরুব্বিরা একাত্মতা প্রকাশ করে বলেন, জাহিদুল ইসলাম কালু একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যবসায়ী।
তাকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিরপরাধ ব্যবসায়ী কালুকে হয়রানি ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন