মুন্সীগঞ্জের শ্রীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমানের সাথে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৪ টায় শ্রীনগর থানা প্রাঙ্গণে গোলঘরে ওসি তদন্ত মিল্টন দত্তের সঞ্চালনায়
এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে নবাগত ওসি মোঃ আতাউর রহমান উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং তাদের সাথে দুটি করে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি শ্রীনগর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, চুরি-ডাকাতি ও কিশোর গ্যাং প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি মোঃ আতাউর রহমান বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। সমাজ থেকে অপরাধ, মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রীনগর থানাকে একটি জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে আমি সবার সহযোগিতা চাই। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই থানায় এসে আইনি সেবা পেতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মহাসড়কের নিরাপত্তা, মাদক বিস্তার এবং যানজট নিরসনসহ নানা সমস্যার কথা তুলে ধরেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় শ্রীনগর থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় প্রেসক্লাব ও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন