মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ গ্রামের হরিবাড়ী এলাকায় একটি অটো গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় অটো গ্যারেজ মালিক অহিদুল্লাহ (৫০)কে হত্যা করে ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।
জানাগেছে রবিবার দিবাগত গভীর রাতে গ্যারেজের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাতদল। পরে গ্যারেজ মালিক অহিদুল্লাহ ও তাঁর স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে বেঁধে ফেলে। এ সময় গ্যারেজে থাকা অটোগাড়ী থেকে ৬০ টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।
পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। গুরুতর অসুস্থ অবস্থায় অহিদুল্লাহকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ওহিদুল্লাহ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার তুলাতলি গ্রামের ওহাব আলী প্রধানের ছেলে।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান জানান, নিহত অহিদুল্লাহর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন