রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দেশের পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে কোনো কোনো মহল। কারখানার উৎপাদন বন্ধ রাখতে উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস কারখানা বন্ধের উদ্দেশ্যে কেউ কোনো ধরনের কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ইতোমধ্যে যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, বিভিন্ন এলাকায় যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তার অনেক ক্ষেত্রেই শ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য বাস্তবায়নে কিছু মহল উৎপাদন বন্ধ রাখার জন্য উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। পাশাপাশি কিছু দুষ্কৃতিকারী হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো পূরণ করা হয়েছে। এ জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকেরাও এতে সন্তুষ্ট। শ্রমিকনেতা ও মালিকপক্ষের অধিকাংশ প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে।
মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা তৈরির কোনো সুযোগ নেই। যারা কারখানা বন্ধ কিংবা উৎপাদন ব্যাহত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মন্তব্য করুন