ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে যা কার্যকর হয়েছে।

ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ ছাড়া ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি।

তবে, কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এ ছাড়া ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা কাজে ব্যবহৃত দ্রব্য ও সংবাদপত্র বহনকারী যানবাহন চলবে।

চিঠিতে বলা হয়, আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দর থেকে যাতায়াত, বিমানবন্দরের যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকিট বা প্রমাণ প্রদর্শন করে) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যেকোনো যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি, প্রার্থীর নির্বাচনী এজেন্টের (যথাযথ নিয়োগপত্র বা পরিচয়পত্র থাকা সাপেক্ষে) জন্য একটি গাড়ি (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে।

এ ছাড়া সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন বা মোটর সাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে। সেইসঙ্গে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারী অথবা অন্য কোনো ব্যক্তি মোটরসাইকেল চলাচলের অনুমতি পাবেন।

ইসি আরও জানায়, টেলিযোগাযোগ সেবার জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং বিটিআরসি হতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

ইসি জানিয়েছি, জাতীয় মহাসড়ক ও বন্দর ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাইরে বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান রাস্তার সংযোগ সড়ক বা এমন সব রাস্তায় নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়া যাবে।

মোটরযানের পাশাপাশি নৌযান চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যা আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে কার্যকর হবে।

১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত লঞ্চ, যন্ত্রচালিত নৌকা (নির্দিষ্ট রুটে চলাচলকারী ছাড়া) ইত্যাদি নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। এ ছাড়া নৌ চলাচলের ক্ষেত্রেও সড়কের মতো একই ধরনের শর্ত প্রযোজ্য।