আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার
শিশুখাদ্য চিপসে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট, জরিমানা ১ লাখ ৭০ হাজার

মুন্সিগঞ্জের সদর উপজেলায় শিশুখাদ্য কাঁচা চিপস তৈরিতে ক্ষতিকর রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটির ২ হাজার ৫০০ কেজি চিপস জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি বিচ্ছিন্ন করা হয়েছে তাদের বিদ্যুৎ সংযোগ।

সোমবার (১৯ অক্টোবর) সদর উপজেলার দশকানিতে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানার মুখে পড়া প্রতিষ্ঠান দুটি হলো রাজধানী চিপস ও ভাই ভাই চিপস।

বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় জানায়, প্রতিষ্ঠান দুটি অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর সিনথেটিক রং ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করে কাঁচা চিপস তৈরি করছিল। উৎপাদিত চিপসের বস্তা ও মোড়কে কোনো ধরনের লেবেল বা মার্কিং ছাড়াই পণ্যগুলো বিক্রি ও বাজারজাত করা হচ্ছিল।

অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্ষতিকর উপাদান মিশ্রিত ২ হাজার ৫০০ কেজি চিপস জব্দ করে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। পরে বিএসটিআইয়ের কর্মকর্তারা যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা চিপস ধ্বংস করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। তার নির্দেশে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে।

অভিযানে বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম, ফিল্ড অফিসার (সিএম) মো. ইয়াছির আরাফাত এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।