শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শ্রীনগরে জমি দখলের চেষ্টা, হেলমেট বাহিনীর হামলায় আহত ২
মুন্সিগঞ্জের শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহিরাগত হেলমেটধারীদের নিয়ে এক ব্যবসায়ীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় ওই ব্যবসায়ীর স্ত্রী ও ১৪ বছর বয়সী ছেলেসহ দুজন আহত হয়েছেন। গত শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জগন্নাথ পট্টি গ্রামের তৈয়ব শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথ পট্টি গ্রামের ব্যবসায়ী তৈয়ব শরীফের সঙ্গে ভাগ্যকুলের মান্দ্রা গ্রামের রশিদ দেওয়ানের জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। শুক্রবার সন্ধ্যায় রশিদ দেওয়ানের নেতৃত্বে ১৪টি মোটরসাইকেলে করে ২৭ থেকে ২৮ জন হেলমেট পরিহিত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তৈয়ব শরীফের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। হামলায় তৈয়ব শরীফের স্ত্রী হাফেজা সুলতানা (৩৫) ও তাঁর ছেলে তানিম হোসেন (১৪) আহত হন। ভুক্তভোগী ব্যবসায়ী তৈয়ব শরীফ অভিযোগ করে বলেন, “রশিদ দেওয়ানের সঙ্গে জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মুন্সিগঞ্জ আদালত ওই জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রশিদ দেওয়ান বহিরাগত হেলমেটধারীদের ভাড়া করে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর করেন। এ হামলায় আমার স্ত্রী ও ১৪ বছরের ছেলে আহত হয়েছে। এ ঘটনায় আমি শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।” এ বিষয়ে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) গণেশ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সূত্র: জাতীয় পত্রিকা ছবি: দৈনিক আমার বাংলা গ্রাফিক্স

