শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাবে তেল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে ৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ার ও বন্ডবাজারে বড় ধরনের বিক্রির চাপ তৈরি হয়েছে। খবর গার্ডিয়ান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৩ ডলারে উঠেছে। তেলের দাম বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাজ্যে ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহার ছয় বেসিস পয়েন্ট বেড়ে ৫ দশমিক ৫১৫ শতাংশে উঠেছে, যা ২০০৭ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। অন্যদিকে ৩০ বছর মেয়াদি বন্ডের সুদহার তিন বেসিস পয়েন্ট বেড়ে ৬ দশমিক ০১১৭ শতাংশে দাঁড়িয়েছে। বুধবার এটি ৬ দশমিক ০৩৬ শতাংশে উঠেছিল, যা ১৯৯৮ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। সরকারের ঋণের ব্যয় বেড়ে যাওয়ায় আগামী ২৮ অক্টোবর প্রথম বাজেট উপস্থাপনের প্রস্তুতি নেওয়া জন হিলির ওপরও চাপ আরও বাড়ছে।
তথ্য সূত্র: জাতীয় পত্রিকা ছবি: দৈনিক আমার বাংলা গ্রাফিক্স

